লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। সোমবার ভোরে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় হত্যার এ ঘটনা ঘটে। এ ঘটনায় সকালে অভিযুক্ত স্বামী মন্টু মিয়াকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ। নিহত নারী মনজুনা খাতুন (৩৫) লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গ্রামের মৃত মনসুর আলীর মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, পাঠানটারী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মন্টু মিয়া তার স্ত্রী মনজুনা খাতুনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকত। উভয়ের মাঝে এ নিয়ে ঝগড়া লেগে থাকত বলে বিভিন্ন সময় জানতে পারি। রবিবার ভোর রাতে উভয়ের মাঝে ঝগড়া হয়েছে বলে মন্টুর পরিবার আমাকে জানায়। এরপর আর কি হয়েছে সেটি কেউ বলতে পারেনি। সকালে মনজুনাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন-নবী বলেন, মন্টু মিয়া তার স্ত্রী মানজুমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছে এমন খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে তাকে আটক করা হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।