নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে, এমপি নিক্সনকে শোকজ

উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে শোকজ করা হয়েছে। ভাঙ্গা ও সদরপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান তাকে শোকজ করেন।

সোমবার (২৭ মে) বিকালে নিক্সনকে এ শোকজ করা হয়। আগামীকাল (২৮ মে) মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে তাকে জবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানো (শোকজ) ওই নোটিশে বলা হয়, আপনি মজিবুর রহমান চৌধুরী সংসদ সদস্য ২১৪, ফরিদপুর-৪ সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল  ইসলাম আনারস প্রতীক কর্তৃক তার বিপক্ষে আপনার একটি অডিও/ভিডিও ক্লিপের বক্তব্য হোয়াটঅ্যাপেসের মাধ্যমে আমাকে অবহিত করা হয়েছে এবং এ সংক্রান্ত বিষয় বিভিন্ন মিডিয়াতেও প্রচার হয়েছে। এছাড়া ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী মো. মোকলেসুর রহমান ঘোড়া প্রতীক আপনার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ দিয়েছেন।

ভাঙ্গা ও সদরপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, ভাঙ্গা ও সদরপুরের দুই সহকারি রিটার্নিং কর্মকর্তাকে সংসদ সদস্যকে কারণ দর্শানো নোটিস দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, তিনি নির্বাচনী অচরণবিধি লঙ্ঘন করেননি। তিনি এলাকাতেই নেই। যে অডিওর কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, তিনি এখনও কারণ দর্শানো নোটিস পাননি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নোটিস পেলে এ ব্যাপারে তার বক্তব্য তিনি রিটার্নিং কর্মকতাকে জানাবেন।