এক দশকের ক্যারিয়ারে নানা মাত্রিক চরিত্রেই অভিনয় করেছেন এবং সেসব চরিত্রে প্রশংসাও কুড়িয়েছেন সাবিলা নূর। তবে গেল কয়েক বছর ধরে প্রতিনিয়তই নিজেকে ভাঙার চেষ্টা করছেন তিনি। এবার প্রথমবারের মতো ভিন্নধর্মী এক চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে। প্রথমবারের মতো অ্যাকশন রূপে হাজির হচ্ছেন তিনি।
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে স্পিন অব সিরিজ ‘গোলাম মামুন’। এখানে ডিফেন্স কর্মকর্তা হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে। গতকাল সোমবার ছিল অভিনেত্রীর জন্মদিন, এদিন ওটিটি প্ল্যাটফর্ম হইচই অভিনেত্রীর একটি ফার্স্ট লুক উন্মুক্ত করে এবং দর্শকরা সেটি লুফে নেয়।
অ্যাকশন চরিত্র প্রসঙ্গে দেশ রূপান্তরকে সাবিলা নূর বলেন, ‘যেহেতু এই সিরিজটা অ্যাকশনধর্মী এবং আমার চরিত্রটাও ঠিক তেমন। আগে কখনো অ্যাকশন চরিত্রে কাজ করিনি, এবারই প্রথম। এটা আমার জন্য একদমই নতুন একটা অভিজ্ঞতা।’
তিনি আরও বলেন, ‘এই স্পিন অব সিরিজটিতে আমাকে একজন ডিফেন্স কর্মকর্তা হিসেবে দেখা যাবে। আমার চরিত্রের নাম রাহী। এ রকম চরিত্রে আগে কখনো কাজ করা হয়নি আমার, সেদিক থেকে এটা নিয়ে এক্সপেরিয়েন্স একটু কম ছিল। তাই এটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। এই চরিত্রটি করতে গিয়ে আমাকে কিছুটা বেগ পেতে হয়েছে। রিহার্সেলে বেশিরভাগ সময় তো আমরা স্ক্রিপ্ট রিডিং, ব্লকিং করা হয়। তবে এবার আমাকে শারীরিকভাবেও কিছু কসরত করতে হয়েছে। এক্সারসাইজ করতে হয়েছে, ট্রেনিং নিতে হয়েছে, যেহেতু এমন চরিত্র আগে করিনি। বেশ ইন্টারেস্টিং লেগেছে এই প্রসেসের মধ্য দিয়ে যেতে।’
‘অপূর্ব ভাইয়ার সঙ্গে এর আগেও আমার অনেক কাজ করা হয়েছে, কিন্তু ওটিটিতে করা হয়নি। তেমনি শিহাব শাহীন ভাইয়ার সঙ্গেও আমার বেশ কিছু ভালো কাজ রয়েছে, তার সঙ্গেও ওটিটিতে প্রথম। দুজনের সঙ্গেই ওটিটিতে আমার প্রথম কাজ, সেদিক থেকে এই কাজটা আমার জন্য একটু বেশিই স্পেশাল। আশা করায় যায় যে, আমাদের তিনজনের একসঙ্গে প্রথম ওটিটির কাজ দর্শকদের ভালো লাগবে।’ যোগ করেন অভিনেত্রী।
কাজটি নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘গোলাম মামুন নিয়ে প্রত্যাশা একটু বেশিই। একে তো অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ, তারপর ওটিটির ওয়ান অব দ্য মোস্ট সাকসেসফুল ডিরেক্টর শিহাব শাহীন ভাইয়ার সঙ্গে কাজ, স্বভাবতই প্রত্যাশা অনেক বেশি। অনেক শ্রম, এফোর্ট দিয়ে কাজটি করা, তারপর আমার জন্য একদমই নতুন চরিত্র, নতুন জনরা। সবকিছু মিলিয়ে বেশ এক্সাইটেড।’
ওয়েবের বাইরেও আসছে ঈদে প্রায় সাতটির মতো নাটকে দেখা যাবে সাবিলাকে। নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটক তো এখন কম করছি। এবার হয়তো সাতটির মতো নাটকে দেখা যাবে। একই চরিত্রে বারবার কাজ করতে চাই না বলেই কম কাজ করছি। সবসময় কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করি। এর মধ্যে বেশ কিছু কাজে নতুন শিল্পীদের সঙ্গে জুটি হয়ে কাজ করেছি। জুনায়েদ বোগদাদি, পার্থ শেখ নতুন কাজ করছে, তাদের সঙ্গে কাজ করছি। এর বাইরে ইরেশ জাকের ভাইয়ার সঙ্গে একটা কাজ হবে। ওনার সঙ্গে এর আগে মাংকি বিজনেস নাটকে কাজ করেছিলাম অনেক বছর আগে, কিন্তু আমাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করা হয়নি, এবার সেটা হচ্ছে।’
এদিকে খুব শিগগিরই নতুন কিছু ওয়েবের খবর দিতে পারেন বলে জানালেন তিনি। বললেন, এর মধ্যে বেশ কিছু ওয়েব নিয়ে কথা হচ্ছে, তবে চূড়ান্ত কিছু হয়নি। সিনেমা নিয়েও কথা হচ্ছে। সবকিছু চূড়ান্ত হলে অবশ্যই জানাব।