আরিয়ানের মুখে দুর্লভ হাসি

শেষ হলো দুই মাসের আইপিএল-লড়াই। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটি কেকেআরের তৃতীয় শিরোপা। ট্রফি সংখ্যায় চেন্নাই ও মুম্বাইয়ের পর আইপিএলের সফল দল এখন কলকাতা। আর এ কারণে আবেগে ভাসছে পুরো কলকাতা নাইট রাইডার্স শিবির।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রবিবার সন্ধ্যায় আইপিএলের ফাইনাল ম্যাচে আরিয়ান খান অন্য রকম এক সময় কাটাচ্ছিলেন। স্বাভাবিকভাবে ম্যাচ চলাকালে আরিয়ানকে সব সময়ই সিরিয়াস মুডে দেখা যায়। কিন্তু এবার ক্যামেরায় ধরা পড়লেন অন্য এক আরিয়ান। তিনি তার বন্ধুদের সঙ্গে একটি কৌতুক শুনে বিরল হাসিতে ফেটে পড়েন। 

অন্য আরেকটি ফুটেজে দেখা মেলে আরিয়ানের মা গৌরী খানকে। তিনিও কলকাতা নাইট রাইডার্সের বিজয়ে এতটাই মত্ত হয়ে ওঠেন যে নিজের হাসি আটকে রাখতে পারেননি। আর মা-ছেলের এমন মুহূর্ত ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়।

এদিকে জয়ের পেছনে যিনি আসল কারিগর, এমনিতেই তাকে হাসতে দেখা যায় খুব কম। তবু রবিবার রাতে সেই রাশভারী গৌতম গম্ভীরের মুখেও হাসির রেখা ফুটে ওঠে। সুনীল নারিন যখন তাকে কোলে তুলে নেন, পাল্টা তিনিও ক্যারিবিয়ান তারকাকে পেছন থেকে কোলে তুলে নেন। প্লেয়ারদের সঙ্গে সেলিব্রেশনও করেন।

স্বাভাবিকভাবেই দল চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি কিং খান। পুরো দলের সঙ্গে তিনিও সেলিব্রেশনে মাতেন। তবে সুপারস্টারের বাড়তি ভালোবাসা কিন্তু গম্ভীরের জন্য সব সময়ই একটু বেশি। উৎসবের মাঝে দেখা গেল, গম্ভীরকে জড়িয়ে তার কপালে স্নেহের চুম্বন এঁকে দেন বলিউড বাদশাহ।