৬ বছর পর অভিনয় জগতে ফিরলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ‘লাহোর ১৯৪৭’ সিনেমা দিয়ে তার এই ফেরা। কিন্তু কেন ৬ বছর কোনো ছবিতে তাকে দেখা যায়নি, এ প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সন্তানদের সময় দেওয়ার জন্যই তিনি কিছুদিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। প্রায় ১৭ বছর পর চিত্রগ্রাহক সন্তোষ শিবনের হাতে পিয়েরে অ্যাঞ্জেনিউজ পুরস্কার তুলে দিতেই প্রীতি জিনতা উপস্থিত হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে।
‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় কাজ করার পর প্রায় ছয় বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন প্রীতি। কিন্তু বর্তমানে তিনি ‘লাহোর ১৯৪৭’ দিয়ে অভিনয়ে ফিরেছেন। কেন এতদিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন প্রীতি? সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, আমি আর সিনেমা করতে চাইনি। ব্যবসা ও ব্যক্তিগত জীবনের দিকেই মন দিতে চেয়েছিলাম। নারীরা অভিনয় করলেও, নৈপুণ্যের সঙ্গে সব কাজ গুরুত্ব দিয়ে করলেও ‘বায়োলজিক্যাল ক্লক’ থেমে থাকে না, এটা সবাই ভুলে যান।
চলচ্চিত্র জগতে কারও সঙ্গে মনের সম্পর্ক ছিল না প্রীতির। আমি ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গে প্রেম করিনি। সব সময় আমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করে এসেছি। শুধু কাজ, অন্যের জীবন নিয়ে মাতামাতি, ডেট করে অনেকেই নিজের জীবনটাই বাঁচাতে ভুলে যান। কিন্তু আমি সন্তান চেয়েছিলাম। পাশাপাশি ব্যবসাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সবটা মিলিয়ে আমি আমার ব্যক্তিগত জীবনে বেশি ফোকাস করতে চেয়েছিলাম। কেবল একজন ভালো অভিনেত্রী হয়ে পুরো জীবনটা একাকিত্বে কাটাতে চাইনি আমি।
অভিনেত্রী আরও বলেন, যে সব নারী কাজ করেন তাদের সবাইকে বলতে শুনেছি আমি সমতা চাই, আমি একজন পুরুষের মতো কঠোর পরিশ্রম করতে চাই। প্রকৃতি আমাদের সেই সমতার পথে বড় অন্তরায়। কারণ মেয়েদের একটা ‘বায়োলজিক্যাল ক্লক’ রয়েছে। তাই প্রকৃতির কাছে হার মানতেই হবে, যে কাজ করছেন সেখানে কিছুটা সময় বিরতি দিয়ে ব্যক্তিগত জীবনে গুরুত্ব দিতে হবে। এখন আমার বাচ্চারা আড়াই বছরের হয়েছে, তাই আমি আবার কাজে ফিরেছি। কাজপাগল অভিনেত্রী বললেন, আমি কাজ ভালোবাসি, কিন্তু বাচ্চাদের ছেড়ে কাজ করতে গেলে এত অপরাধবোধে ভুগতাম, বারবার মনে হতো যে সময়টা হারিয়ে ফেলছি তা আর ফিরে পাব না। আমার মেয়ে গিয়া এবং আমার ছেলে জয় আমার দিকে তাকিয়ে বলত, ‘মা, প্লিজ আমাদের সঙ্গে থাকো,’ এবং আমিও ওদের কথা শুনে কেঁদে ফেলতাম।
প্রীতি বলেছিলেন যে তিনি গত ছয় বছর ধরে একগুচ্ছ স্ক্রিপ্ট পড়েছেন, কিন্তু ‘লাহোর ১৯৪৭’- এর মতো এত আকর্ষণীয় চিত্রনাট্য তিনি পাননি। এই পিরিয়ড ড্রামাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। নায়িকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সানি দেওলকে।