মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি বাসায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে উমেশ চন্দ্র সরকার (৬৫) নামে এক বৃদ্ধ বাবা খুন হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ছেলে বিষ্ণু চন্দ্র সরকার (৩৫)। সোমবার সকাল ১০টার দিকে স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত উমেশ চন্দ্র সরকারের বাড়ি স্টাফ কোয়ার্টার দেল্লা এলাকায়। তার মেয়ে রুপালি রানী জানান, বাবার বাড়ির পাশেই তার স্বামীর বাড়ি। গতকাল সকাল ১০টার দিকে তিনি খবর পান, তার বাবাকে ছুরি মেরেছে তারই ভাই বিষ্ণু। তখন তিনি দৌড়ে বাবার বাড়িতে গিয়ে দেখেন, উঠানে উপুড় হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তার বাবা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তার ভাই বিষ্ণু মাদকাসক্ত। পরিবারের কাউকেই সে সহ্য করতে পারত না। বোনদেরও তাদের বাড়িতে যেতে নিষেধ করত। এই ঘটনার পর থেকে বিষ্ণু পলাতক রয়েছে।

এক ছেলে ও তিন মেয়ের জনক উমেশ চন্দ্র সরকার আগে একটি জুট মিলে চাকরি করতেন। আর অভিযুক্ত ছেলে বিষ্ণু চন্দ্র সরকার স্টাফ কোয়ার্টার এলাকায় মোটর মেকানিক-এর কাজ করেন। ঘটনার সময় বাড়িটিতে বাবা-ছেলে ছাড়া আর কেউ ছিল না। নিহত উমেশ চন্দ্রের স্ত্রী গিতা রানীও মেয়ের বাসায় ছিলেন। 
নিহতের বিষয়টি নিশ্চত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ওই ব্যক্তির বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে। স্বজনরা জানান, ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ডেমরা থানায় অবগত করা হয়েছে।