চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত হয়েছে। হাইকোর্টের আদেশটি আট সপ্তাহ স্থগিত থাকবে বলে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত সিদ্ধান্ত দিয়েছে।
ডিপজলের আবেদনের ওপর শুনানি নিয়ে চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। ফলে চলচ্চিত্র শিল্পী সমিতিতে ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন তার পক্ষের আইনজীবীরা।
গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২০২৫ মেয়াদ) নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। পরে ২৩ এপ্রিল ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিনেতা মাহমুদ কলি। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মনোয়ার হোসেন ডিপজল। এই পদে ডিপজলের চেয়ে ১৭ ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার।
নির্বাচনে অনিয়ম এবং ডিপজলের বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ এনে ফলাফল বাতিল ও নতুন করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নির্দেশনা চেয়ে গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার।
এরপর ২০ মে নিপুণ আক্তারের আবেদনের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ডিপজলের দায়িত্ব পালনের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়। একই সঙ্গে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেয় আদালত। পরে হাইকোর্টের আদেশটি স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন মনোয়ার হোসেন ডিপজল। এর ধারাবাহিকতায় এ আদেশ হলো।
আদালতে ডিপজলের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও সাঈদ আহমেদ রাজা। নিপুণ আক্তারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তার সঙ্গে ছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টের পুরো আদেশটির ওপর স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত। মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে কোনো বাধা নেই।’