ঝড়ের রাতে ঘরে ঢুকে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসীর বাড়ীতে ঢুকে দাদি ও নাতীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে আহত করা আরেক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৭ মে) দিনগত রাতে উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বকাউল বাড়ীর ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১২), তার দাদী হামিদা বেগম (৭০)। এ ঘটনায় ইউসুফের মেয়ে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হালিমাকে (১৪) কুপিয়ে গুরুতর আহত করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

স্থানীয়রা জানান, রাতে ওই বাড়িতে ডাকাত পড়েছে এমন খবর পেয়ে সেখানে গেলে ইউসুফের মাকে মৃত অবস্থায় দেখতে পান। রক্তাক্ত অবস্থায় ছেলে ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরাফাত মারা যায়। আর হালিমাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। তার পিঠে ও বুকে কোপ দেওয়া হয়েছে।

জানা গেছে, ঝড়বৃষ্টির মধ্যে বোরকা পরে এসেছিল ডাকাত দল। তারা তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় অন্য একটি রুম থেকে ফোন করে জানিয়ে সবাইকে জানিয়ে দেন প্রবাসী ইউসুফের স্ত্রী। তবে ওই বাড়ি থেকে কোন কিছু নিয়ে যায়নি ডাকাতরা। নিহত বৃদ্ধা মহিলা হামিদা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানে স্বর্ণের দুল থাকলেও তা নেয়নি হামলাকারীরা। 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।