নরসিংদী সদরের চরাঞ্চলে এক ব্যবসায়ীর স্তুপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) এবং তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।
নিহতের ছেলে ইব্রাহিম মিয়া এবং এলাকাবাসী জানান, ভোরে সম্ভবত নামাজ আদায় করছিলেন তারা। টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে বিশাল স্তুপ করে রাখা ইট ঘরের উপর ধ্বসে পড়ে। এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙ্গে তাদের উপর পড়ে। পরে আশেপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তুপ ভেঙে পরে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে, বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি।