ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তৃতীয় ধাপের আরও তিন উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আগামীকাল বুধবার (২৯ মে) ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
উপজেলাগুলো হচ্ছে- নেত্রকোনা জেলার খালিয়াজুরী এবং চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা।
শরিফুল আলম জানান, খালিয়াজুরী উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন ঘটা এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএম এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার ১৯টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে কমিশন। স্থগিত হওয়া উপজেলাগুলো হলো—বাগেরহাটের শরনখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দীন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে আগামীকাল।