যুগান্তর অনলাইন ইনচার্জের বাবার ওপর হামলার ঘটনায় মামলা

যুগান্তর অনলাইন বিভাগের ইনচার্জ আতাউর রহমানের বাবা জাহাঙ্গীর হোসেন মাতব্বরের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ২৫ মে সন্ধ্যায় পূবাইল মেট্রো থানায় ভুক্তভোগীর ছেলে আতাউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করা হয়েছে। 

জানা গেছে, গত ৮ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদের মুজিবুর মার্কেট থেকে মোটরসাইকেলযোগ বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর হোসেন। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একপর্যায়ে তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারী দ্রুত সটকে পড়ে।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় জাহাঙ্গীর হোসেনকে উদ্ধার করে প্রথমে পাশের ডাক্তারবাড়ি হেলথকেয়ার এবং পরে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালে জীবনমরণ সন্ধিক্ষণে থাকা জাহাঙ্গীর হোসেনের কয়েকটি জটিল অস্ত্রোপচার করা হয়। টানা সাড়ে ৮ ঘণ্টা অস্ত্রোপচারের পর তাকে দুদিন লাইফসাপোর্টে রাখা হয়। 

এ ঘটনার সংবাদ পেয়ে পূবাইল থানা পুলিশ, ডিবি পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুরের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

এ বিষয়ে পূবাইল থানার ওসি কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জাহাঙ্গীর হোসেন মাতবরের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি। তিনি আরো বলেন, আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আমার বিশ্বাস।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ( জিএমপি) গোয়েন্দা সংস্থার (ডিবি) ডিসি ( দক্ষিণ) নাজির আহমেদ খান জানান, এই বিষয়টি নিয়ে আমরা শুরু থেকেই কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মাকছুদুর রহমান জানান, আমরা ঘটনাটির ছায়া তদন্ত করছি। আশা করি, একটা পজেটিভ রেজাল্ট শিগগিরই বেরিয়ে আসবে।