রাঙামাটিতে পাহাড়ধসে যান চলাচল বন্ধ, নিম্নাঞ্চল প্লাবিত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে পাহাড়ধসে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন স্থানে ছোট ছোট কিছু পাহাড়ধসের ঘটনা ঘটলেও কোথাও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

টানা ও অতিবর্ষণে পাহাড়ি ঢলে কাচালং নদীর পানি বেড়ে উপজেলার মধ্যমপাড়া, মাস্টারঘোনা, লাইনাপাড়ার প্রায় ১০-১২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া দীঘিনালা-সাজেক সড়কের কবাখালি এলাকায় পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে গেছে এবং সাজেকের সাথে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১৮০ মিলিমিটার এবং মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৯.০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছি না, যার কারণে সার্বিক পরিস্থিতির খবর পেতে বেগ পেতে হচ্ছে। পাহাড়ি ঢলে উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি বাড়লে আরো গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কয়েকটি স্থানে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে উপজেলার সাথে।