ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলমকে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলার একটি মৎস্য হ্যাচারির ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের এসআই মো. মফিজুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া বাবলাতলার আমিনের মৎস্য হ্যাচারিতে তারা অভিযান চালানে হয়। এ সময় সেখান থেকে সাইফুল আলম মোল্লা মেম্বারকে তারা আটক করা হয়। আটক সাইফুল আলম মোল্লা মেম্বার অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের কাশেম মোল্লার ছেলে। তিনি শীর্ষ চরমপন্থি নেতা শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা।
ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সাইফুল আলম মোল্লা মেম্বার এক সময় মাছের ব্যবসা করতেন। সেই সূত্র ধরে ৫দিন আগে চাঁচড়া বাবলাতলায় এসে তিনি আত্মগোপন করেছিলেন। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।