সদ্য আইপিএলের ট্রফি ঘরে তুলেছেন শাহরুখ খান। মান্নাত জুড়ে চলছে উৎসবের মেজাজ। আর তার মাঝখানেই ভুল করে বসলেন বলিউড বাদশাহ। শাহরুখের যে ‘কিং’ ছবি নিয়ে এতদিন জল্পনা চলছিল, সেই জল্পনাতে নিজেই সিলমোহর দিয়ে ফেললেন কিং খান।
সম্প্রতি শাহরুখ তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, শাহরুখ সিনেমাটোগ্রাফার সন্তোষ শিবনের কান পুরস্কার নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আর সেই ভিডিওতেই শাহরুখের পাশের টেবিলে দেখা গেছে ‘কিং’ খানের চিত্রনাট্য! আর তা থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নেটপাড়া মনে করছে পাঠান, জওয়ান ছবির পর ফের ব্লকবাস্টার দিতে তৈরি শাহরুখ।
গত বছরে বলিউডকে চমকে দিয়েছিল শাহরুখের কামব্যাক। একই বছরে তিন তিনটা ব্লকবাস্টার। ‘পাঠান’,’জওয়ান’, ‘ডাঙ্কি’। আর জওয়ান তো বলিউডের সবর্কালের রেকর্ড ভেঙেছে বক্স অফিসের ব্যবসায়। তারপর থেকেই কিং খান নিজেকে তৈরি করছেন, পরের চমকের জন্য। আর সেই চমকই এবার ফাঁস হয়ে গেল। কয়েকদিন আগে পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ ছবির শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছিল শাহরুখের লুক।
শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের ক্যারিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তার পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি রুপি খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।
পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতিমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটে সুহানাকে ঘিরে নানা ট্রেল নজরে এসেছিল। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার এখন মন নতুন ছবিতে।
প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।