দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে ছাগল ছিনতাই, ভিডিও ভাইরাল

দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে টাকাপয়সা বা স্বর্ণালংকার ছিনতাই হয়ে থাকে হরহামেশা। কিন্তু এবার প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাগল ছিনতাই করেছে অপরাধীরা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।

আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। আর ধর্মীয় এই উৎসবের আগে প্রকাশ্যে কোরবানির পশু ছিনতাই করেছে ছিনতাইকারীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে।

মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

ভিডিওতে তিন যুবককে প্রকাশ্য দিবালোকে অস্ত্র উঁচিয়ে ছাগল ছিনতাই করতে দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহার কয়েকদিন আগে লাহোরে কোরবানির পশু ছিনতাই শুরু করেছে অপরাধীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে কোরবানির পশু ছিনতাই এর সিসিটিভি ফুটেজটি। ভিডিওতে তিন যুবককে প্রকাশ্য দিবালোকে অস্ত্র উঁচিয়ে ছাগল ছিনতাই করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, লাহোরের একটি এলাকার গলিতে দুটি ছাগল নিয়ে হাঁটছে একজন যুবক। হঠাৎ করে গাড়িতে করে সশস্ত্র ডাকাতরা যুবকের পাশে এসে থামে এবং গাড়ি থেকে বের হওয়ার পর তারা প্রথমে ওই যুবককে থাপ্পড় মারে এবং হুমকি দেয়।

এরপর ডাকাতরা ছাগলগুলো ছিনিয়ে নিয়ে গাড়িতে তুলে নেয়। সে সময় যুবকটিকে ভয় দেখানোর জন্য তার সামনে পিস্তল ধরে রাখে একজন অপরাধী। ছিনতাইয়ের কাজ সম্পন্ন হলে যুবককে হতভম্ব অবস্থায় রেখে দ্রুত ওই স্থান থেকে পালিয়ে যায় ডাকাতরা। এরপর ওই যুবক আতঙ্কিত হয়ে উল্টোদিকে ছুটে যান।

ভিডিও ভাইরালের পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। মূলত এই ভিডিওতে অপরাধীদের হাতে নাগরিকদের অসহায়ত্বের বিষয়টিই উঠে এসেছে।

একজন লিখেছেন, ডাকাতদের গাড়ির নম্বর প্লেটটি দৃশ্যমান ছিল কিন্তু ‘কেউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না’। অন্যদিকে অন্য একজন পুলিশের নিষ্ক্রিয়তার নিন্দা করেছেন। আরেকজন ব্যবহারকারী পুলিশ এবং সরকারকে নিন্দা করে বলেছেন, কর্তৃপক্ষ কিছুই করবে না ‘বরং তারা (ডাকাতদের সাথে) একসাথে বারবিকিউ খাবে।’

এদিকে পুলিশ জানিয়েছে, অপরাধে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে, তবে এখন পর্যন্ত ডাকাতদের গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তারা।