ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করতে আগামীকাল পটুয়াখালীর কলাপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল সকাল ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন।
এদিকে প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি চলছে। জেলায় এ পর্যন্ত ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১ হাজার ৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে সূত্র জানিয়েছে।
তারা আরো জানায়, এ প্রাকৃতিক দুর্যোগে কৃষি খাতে ২৬ কোটি টাকার এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।