বেশ কিছুদিন ধরেই সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে বেশ আলোচনা চলছে। সেই সঙ্গে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পত্তি নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। দেশের আলোচনার পর এবার এই দুই কর্মকর্তার বিষয় নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।
মঙ্গলবার (২৮ মে) পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ব়্যাব) সদস্যদের নিয়োগ অব্যাহত থাকা নিয়ে করা এক প্রশ্নের জবাব দেন তিনি।
ডয়েচে ভেলে ও সাডেচ সায়েতিংসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে- র্যাবের বর্তমান এবং সাবেক সদস্যরা নিয়মিতভাবেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ পাচ্ছেন। চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই র্যাব সদস্যদের শান্তিরক্ষা মিশনে নিয়োগ অব্যাহত রয়েছে, সে বিষয়ে আপনারা কতটা উদ্বিগ্ন?
এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই রিপোর্টগুলো সম্পর্কে আমরা অবগত। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে শান্তিরক্ষা কার্যক্রম অপরিহার্য ভূমিকা পালন করে এবং শান্তিরক্ষায় নিয়োজিত কর্মীদের মানবাধিকার রক্ষা করা অপরিহার্য। ইউএন ডিউ ডিলিজেন্স পলিসি অনুসারে, জাতিসংঘ এক্ষেত্রে সৈন্য এবং পুলিশ প্রেরণকারী দেশগুলোর নিজস্ব প্রত্যয়নের ওপর নির্ভর করে যে, তারা (সংশ্লিষ্ট দেশ) মানবাধিকার লঙ্ঘন বা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সাথে জড়িত সেনা বা পুলিশ সদস্যদের শান্তিরক্ষা মিশনে পাঠাচ্ছে না।
অপর এক প্রশ্নে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশপ্রধান বেনজীর আহমেদের প্রসঙ্গ উল্লেখ করে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা অন্য কোনো দেশে এই দুজনের সম্পদের খোঁজ পেয়েছে কি না, পেয়ে থাকলে সেগুলো জব্দ করা হয়েছে কি না? এ বিষয়ে মিলার বলেন, আপনার প্রথম প্রশ্ন প্রসঙ্গে বলছি, আমার কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলার মতো কিছু নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে- যেসব অভিযোগ এবং মিডিয়া রিপোর্টের তথ্যসমূহ আপনি এখানে তুলে ধরেছেন আমরা সে বিষয়ে অবগত।