পূর্বশত্রুতা ও মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে খুন হয়েছেন খুলনার যুবক রনি সরদার (২৪)। পুলিশ এ ঘটনায় তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পাশের রূপসা গরুরহাট কবরস্থানের পাশে দুর্বৃত্তরা রনিকে গুলি করে হত্যা করে। নিহত রনি সরদার নগরীর টুটপাড়া এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে।
বুধবার (২৯ মে) দুপুরে খুলনা সদর থানায় এক প্রেসবিফ্রিংয়ে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার আহত ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে বুধবার খুলনা সদর থানায় ১৫ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর আগে পুলিশ হত্যার ঘটনার তিন ঘণ্টার মধ্যে অস্ত্র, মাদক ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন, নগরীর দক্ষিণ টুটপাড়ার নয়ন শেখ (৩০), শিপইয়ার্ড এলাকার মিরাজ মৃধা (২৫) ও সিমেন্ট ফ্যাক্টরি রোডের জসিম হাওলাদার (২১)। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান (ফায়ারিং পিনসহ), ২ রাউন্ড গুলি, ২ টি ছুরি ও প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়েছে।
তাজুল ইসলাম জানান, নিহত রনি ও গ্রেপ্তার সকলেই মাদক কারবারি। তারা মাদক কারবার ও টাকার ভাগাভাগি নিয়ে রনিকে ডেকে আনে। পরে তাকে মারধর ও কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আরো কয়েকজন সম্পৃক্ত রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ কর্মকর্তা তাজুল ইসলাম আরো বলেন, রনি সরদার এলাকায় মাদক ব্যবসায়ীদের ঘনিষ্ঠ। মাদক কারবারের পার্টনারদের সঙ্গে মাদকের অর্থের লেনদেন নিয়ে বিরোধের জের ধরে দীর্ঘদিন এলাকায় আসতেন না। আসামিরা রনিকে হত্যার পরিকল্পনা করে কৌশলে এলাকায় ডেকে নিয়ে আসেন। গ্রেপ্তার আসামি নয়নের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও মাদকসহ খুলনা থানায় ৪টি ও আসামি মিরাজ মৃধার বিরুদ্ধে খুলনা থানায় ৪টি মাদক মামলা রয়েছে।