ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্য ‘ঈশ্বর পাঠিয়েছে’ ঘিরে একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘ঈশ্বরের রাজনীতিতে থাকা উচিত নয়। দাঙ্গা-হাঙ্গামায় প্ররোচনা দেওয়া উচিত নয়।’ বুধবার (২৯ মে) এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
কলকাতায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘একজন বলছেন তিনি (মোদি) দেবতাদের ঈশ্বর। আরেকজন নেতা বলেছেন ভগবান জগন্নাথ তার (মোদি) ভক্ত। তিনি যদি ভগবান হন, তাহলে তার রাজনীতি করা উচিত নয়। আমরা তার জন্য একটি মন্দির বানাব। সেখানে পুজা করব, ফুল-মিষ্টি দেব।’
কয়েকদিন আগে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, ‘মা বেঁচে থাকার আগে ভাবতাম আমার জন্ম হয়েছে জৈবিকভাবে। তার মৃত্যুর পর যখন নিজের অভিজ্ঞতার দিকে তাকাই, নিশ্চিত হই আমি ঈশ্বর প্রেরিত। এই শক্তি আমার শরীর থেকে নয়। এটা ইশ্বর আমাকে দিয়েছেন।’
এদিন মোদির বিরুদ্ধে তিরস্কার অব্যাহত রেখে মমতা বলেন, ‘আমি অনেক প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছি। যেমন অটল বিহারী বাজপাই, মনমোহন সিং, রাজীব গান্ধী, নরসিমহা রাও, দেবগৌড়া। তারা আমাকে অনেক ভালোবাসতেন। তবে মোদির মতো কাউকে দেখিনি। এমন প্রধানমন্ত্রীর দরকার নেই।’
মোদিকে তিরস্কার করে মমতা আরও বলেন, 'মোদি এখন সাক্ষাৎকার দিচ্ছেন। নিজেই প্রশ্ন লিখছেন, নিজেই উত্তর দিচ্ছেন। আমি প্রকাশ্যে তা করার চ্যালেঞ্জ জানাচ্ছি। বলুন, কোথায় বিতর্ক করতে পারি? গুজরাটে? আমি যেতে প্রস্তুত। মিডিয়া স্বাধীনভাবে প্রশ্ন করবে। তারা আমাকে প্রশ্ন করবে এবং তাকেও। দেখব কত জ্ঞান তার।’
এর আগে মোদিকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। গতকাল মঙ্গলবার রাহুল গান্ধী বলেন, ‘ইশ্বর তাকে শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানিদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন। যে ঈশ্বরে প্রধানমন্ত্রী মোদির আস্থা, তিনি তাকে কৃষক ও শ্রমিকদের সেবা করতে পাঠাননি।’