১৯ মে শেষ লিগ ম্যাচের মধ্য দিয়ে লিভারপুলকে বিদায় জানিয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ। চলে গিয়েছিলেন জার্মানিতে। মঙ্গলবার রাতে স্ত্রী উলাকে নিয়ে একটি প্রাইভেট জেটে আবার লিভারপুল ফিরে আসেন তিনি। লিভারপুলের এম অ্যান্ড এস ব্যাংক অ্যারেনায় আয়োজিত ‘এন ইভিনিং উইথ ইয়ুর্গেন ক্লপ’ অনুষ্ঠানে যোগ দিতেই তার এই ফিরে আসা।
এই অনুষ্ঠানে সমর্থকেরা লিভারপুলের হয়ে ক্লপের অবদানের কথা স্মরণ করে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়। কমেডিয়ান জন বিশপের সঞ্চালনায় হওয়া এই অনুষ্ঠানে সমর্থকদের আবেগের সঙ্গে একাত্ম হয়ে অশ্রুসিক্ত হয়েছে ক্লপ নিজেও।
সমর্থকেরা যখন ক্লপের উদ্দেশে স্লোগান দিতে দিতে হাততালি দিচ্ছিলেন, তখন একপর্যায়ে আসন ছেড়ে দাঁড়িয়ে যান ক্লপ।
শুরুতে বুকে এক হাত রেখে অন্য হাত উঁচিয়ে ধরেন এবং একটু পর ম্যাচ শেষে যেভাবে শূন্যে মুষ্টি ছুড়ে উদ্যাপন করতেন, সেটির পুনরাবৃত্তি করে দেখান। সে সময় ভক্ত-সমর্থকদের চিৎকারে পুরো এলাকা যেন কেঁপে কেঁপে উঠছিল। একটু পর অবশ্য হাততালি দিতে দিতে ফের নিজের আসনে বসে পড়েন তিনি।
এ অনুষ্ঠানে ক্লপ বলেন, উলাকে বিয়ে করার সিদ্ধান্তের পর তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত হলো লিভারপুলে যোগ দেওয়ার সিদ্ধান্ত।