আবারও কি জেলে ফিরতে হবে কেজরিওয়ালকে

আবগারি দুর্নীতি মামলায় গত ১০ মে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। আগামী ১ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিল ভারতের সুপ্রিম কোর্ট। জামিনে থাকার সময় তিনি ভারতের লোকসভা নির্বাচনের প্রচারাভিযানে অংশ নিয়েছিলেন। 

তবে কেজরিওয়ালের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন আর শুনতে রাজি নয় ভারতের সুপ্রিম কোর্ট। মামলাটি তালিকাভুক্ত করতে অস্বীকার করেছেন শীর্ষ আদালতের রেজিস্ট্রার। নিম্ন আদালতে জামিনের আবেদন করার ব্যাপারে যেহেতু কেজরিওয়ালকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই সুপ্রিম কোর্ট তার আবেদন শুনতে নারাজ।

নির্বাচনী প্রচারের জন্য জেলের বাইরে আসতে চেয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন। শীর্ষ আদালত সেই আবেদন মঞ্জুর করে। ১ জুন সেই জামিনের মেয়াদ শেষ হচ্ছে। শর্ত অনুযায়ী, ২ জুন কারা কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

জামিনের পাশাপাশি কেজরিকে বেশ কিছু শর্তও দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই ২১ দিনে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর ভবন কিংবা সচিবালয়ে যেতে পারবেন না বলে জানানো হয়েছিল। তার বিরুদ্ধে চলা মামলা নিয়ে কোথাও কোনো মন্তব্য করতেও নিষেধ করা হয়েছিল তাকে। জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে দলের হয়ে টানা প্রচার করেছেন তিনি।

তবে গত সোমবার আবার নতুন করে সুপ্রিম কোর্টে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন কেজরিওয়াল। আপ প্রধানের আবেদন, তার শারীরিক অবস্থা খারাপ। কিছু স্বাস্থ্যপরীক্ষার প্রয়োজন রয়েছে। তাই তার জামিনের মেয়াদ যেন আরও সাত দিন বৃদ্ধি করা হয়। দ্রুত শুনানির আর্জিও জানান তিনি। 

মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিয়ে বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানায়, প্রধান বিচারপতিই এই আবেদনটি তালিকাভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার স্পষ্ট জানিয়ে দেন, এই মামলা তালিকাভুক্ত করা হবে না।