অতিরিক্ত লোডশেডিং বন্ধের দাবিতে সাভারের ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন কয়েকশ সেবাগ্রহীতারা। এ সময় তারা ডিজিএম অফিসে একটি অভিযোগপত্র জমা দেন। গতকাল বুধবার দুপুরে জামগড়া ছয়তলার বেরন এলাকার ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর অফিস ঘেরাও করেন ইয়ারপুর ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডের সেবাগ্রহীতারা।
ভুক্তভোগী সেবাগ্রহীতারা জানান, গত মাস থেকে জামগড়াসহ বিভিন্ন এলাকায় অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলেও গত তিন দিন ধরে লোডশেডিংয়ের মাত্রা আগের চেয়ে আরও বেড়ে গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছে দুই ওয়ার্ডের কয়েক হাজার মানুষ। টানা ৩৫ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে মোটর চালাতে না পেরে পানি সংকটে পড়েছেন স্থানীয়রা। এসব বিষয়ে পল্লীবিদ্যুৎ অফিসে অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা।