জামানত হারালেন ওবায়দুল কাদেরের ছোট ভাই 

উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন জামানত হারিয়েছেন। বুধবার (২৯ মে) তৃতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাচনী ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা যায়। 

যদিও বুধবার দুপুর সাড়ে ১২টায় ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলে দুই চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল কাদেরের ছোটভাই শাহাদাত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আক্তার পারুল ভোট বর্জনের ঘোষণা দেন। 

নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, চেয়ারম্যান পদে প্রাপ্ত মোট বৈধ ভোটের সংখ্যা ৭৩ হাজার ১৭১ ভোট। জামানত ফিরে পেতে কাস্টিং ভোটের ১৫ শতাংশ ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র ৪ হাজার ৬১০ ভোট।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত ফলাফলে দেখা যায়, কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে গোলাম শরীফ চৌধুরী পিপুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাদল পেয়েছেন ১৮ হাজার ৬৭৮ ভোট। সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন টেলিফোন প্রতীকে ৪ হাজার ৬১০টি ভোট পান। মোটরসাইকেল প্রতীক নিয়ে ওমর আলী পেয়েছেন ১ হাজার ৪৮২ ভোট। ফলে তিনিও জামানত হারিয়েছেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী জানান, জামানত হারানোয় শাহাদাত হোসেন ও ওমর আলীর চেয়ারম্যান পদের জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে রাখা ১ লাখ টাকা বাজেয়াপ্ত হবে।

উপজেলা নির্বাচনী বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লাখ টাকা জমা দিতে হয়। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য দিতে হয় ৭৫ হাজার টাকা। নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পায়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই বিধি অনুযায়ী শাহাদাত হোসেনকে জামানত রক্ষার জন্য পেতে হতো ১১ হাজার ২৮৪ ভোট। তা না পাওয়ায় নির্বাচন কমিশনে জমা দেওয়া অর্থ খোয়াতে হচ্ছে তাকে।