জার্মানিতে মূল্যস্ফীতি-বেতন দুটিই বেড়েছে

চলতি মে মাসে গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে জার্মানির পরিসংখ্যান কার্যালয় ডেস্টাটিস। এছাড়া বছরের প্রথম তিন মাসে বেতন বৃদ্ধির হার ছিল ২০০৮ সালের পর সবচেয়ে বেশি। ডেস্টাটিসের বরাতে এ তথ্য জানিয়েছে জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে।

প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ২.৪ শতাংশ। অর্থাৎ আগের বছরের মে মাসের তুলনায় মূল্য বেড়েছে ২.৪ শতাংশ। এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ২.২ শতাংশ। ডেস্টাটিস বলছে, ছয় মাসের মধ্যে মে মাসেই প্রথমবার মূল্যস্ফীতি বাড়ল।

অপরদিকে চলতি বছরের প্রথম তিন মাসে বেতন বেড়েছে ৬.৪ শতাংশ। তবে মূল্যস্ফীতি সমন্বয় করার পর বেতন বৃদ্ধির হার হয় ৩.৮ শতাংশ। এই হার ২০০৮ সালের পর সবচেয়ে বেশি।

অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন বেতন বাড়ায় মে মাসে মূল্যস্ফীতি বাড়তে পারে। জার্মানিতে মে মাসে খাবারের দাম আগের বছরের মে মাসের তুলনায় ০.৬ শতাংশ বেড়েছে। এ বছরের মে মাসে সেবার দাম বেড়েছে ৩.৯ শতাংশ।

এছাড়া মূল্য সংযোজন কর বা ভ্যাট আগের ১৯ শতাংশে ফিরে যাওয়ার পরও জ্বালানির দাম আগের বছরের তুলনায় ১.১ শতাংশ কমেছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের হামলা করার পর জ্বালানির দাম বাড়তে থাকায় জার্মান সরকার জ্বালানির মূল্যের ওপর ভ্যাট ১৯ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করেছিল।

চলতি বছরে মূল্যস্ফীতির হার ২.৪ শতাংশ হতে পারে বলে ধারণা করছে জার্মান সরকার। গতবছর এটি ৫.৯ শতাংশ ছিল।