গাজা-মিশর পুরো সীমান্তের নিয়ন্ত্রণ নিল ইসরায়েল!

গাজা-মিশর সীমান্তে ‘ফিলাডেলফি করিডোরের’ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাফার জোন গাজা-মিশর সীমান্তের দখল নিয়েছে তারা। এটি ফিলাডেলফি করিডোর নামে পরিচিত, যার অর্থ ইসরায়েল এখন গাজার পুরো স্থল সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে। খবর বিবিসির।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র দাবি করেছেন, সেখানে ২০টি সুড়ঙ্গ পাওয়া গেছে, যে পথ দিয়ে অস্ত্র পাচার করে আসছিল হামাস। তবে মিশরীয় টিভি দেশটির কর্মকর্তার বরাতে বলেছে, ওই সুড়ঙ্গের কথা বলে ইসরায়েল গাজার দক্ষিণের শহর রাফায় তাদের অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

বিবিসি লিখেছে, এমন এক সময় সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানাল ইসরায়েল, যখন মিশরের সঙ্গে তাদের উত্তেজনা তুঙ্গে রয়েছে। 

আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বুধবার বলেন, সম্প্রতি আইডিএফ সেনারা মিশর ও রাফা সীমান্তের ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। ওই করিডোরকে হামাসের ‘লাইফলাইন’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ওই পথ ব্যবহার করে হামাস নিয়মিতই গাজা ভূখণ্ডে অস্ত্র আনছিল। সেনারা বিষয়গুলো তদন্ত করছে এবং টানেলগুলোকে অকার্যকর করছে। 

মিশরের সঙ্গে গাজার যে ১৩ কিলোমিটারের সীমান্ত আছে, সেই ফিলাডেলফি করিডোর ‘বাফার জোন’ হিসেবে বিবেচিত, গাজা অংশের কোথাও কোথাও যা মাত্র ১০০ মিটার প্রশস্ত ।