বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) মো. জাহিদুল ইসলাম ভূঞার সাথে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমান কেন্দ্রীক বিভিন্ন ইউনিয়ন/অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় মতবিনিময়সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও, পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ইউনিয়ন/অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন পরিদপ্তরের কর্মকর্তাগণ স্ব স্ব পরিদপ্তরের কার্যক্রম ও বর্তমান অবস্থা উপস্থাপন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও উপস্থিত কর্মকর্তাবৃন্দকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নে কাজ করার জন্য নির্দেশনা দেন।
মো. জাহিদুল ইসলাম ভূঞা গতকাল বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব হিসেবে গত সাড়ে ৫ বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন।
মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর তিনি শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ দূতাবাস সিউলে ও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন।