কয়েক মাস আগে পর্যন্তও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কড়া টক্কর দিচ্ছিলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত সেই নেত্রী এবার ইসরায়েল সফরে গিয়ে জড়ালেন নতুন বিতর্কে।
লেবানন সীমান্তবর্তী এলাকায় ইসরায়েল সেনার একটি শিবির পরদর্শনে গিয়ে নিকি মঙ্গলবার কামানের গোলায় লেখেন, ‘ওদের খতম করো’! রাষ্ট্রপুঞ্জে ইসরায়েলের প্রাক্তন দূত ড্যানি ড্যানন সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করার পরেই শুরু হয়েছে বিতর্ক। প্রসঙ্গত, ড্যানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির নেতা। তিনি সে দেশের পার্লামেন্ট নেসেটেরও সদস্য।
ড্যানি যখন রাষ্ট্রপুঞ্জে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধির দায়িত্বে ছিলেন, সে সময় নিকি ছিলেন আমেরিকার দূত। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাট সরকার ইতিমধ্যেই গাজা ভূখণ্ডের রাফায় ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার নিন্দা করেছে। যুদ্ধবিরতির প্রস্তাব না মানায় নেতানিয়াহু সরকারের সমালোচনাও করেছে। এমন সময় নিকির বার্তা’ ওয়াশিংটনের অস্বস্তি বৃদ্ধি করল বলেই মনে হচ্ছে।
নিকি হ্যালি এমন একসময়ে ইসরাইল সফর করেছেন, যখন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশনা অমান্য করে গাজা শহরের রাফাহ অঞ্চলে থাকা উদ্বাস্তুদের একটি শিবিরে বোমা হামলা করেছে। সর্বশেষ এই হামলায় গাজার অন্তত ৪৫ জন মানুষ নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, গত ৭ অক্টোবরের পর থেকে চলমান সংঘাতের মধ্যে ইসরাইলের বোমা হামলায় গাজায় ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে নারী এবং শিশুই বেশি।