গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বসত ঘর পুড়ে গেছে। এসব ঘরে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা বসবাস করতেন। তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (৩০ মে) বিকালে মাওনা উত্তরপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষতিগ্রস্তদের দাবি এরই মধ্যে বসত ঘরগুলো ৯০ শতাংশ পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছে।
বাড়ির মালিক কায়েস মিয়া জানান, তার নিজস্ব জমিতে ২৪টি আধাপাকা ঘর তৈরি করেন। পরে সেগুলো বিভিন্ন কারখানার শ্রমিকদের থাকার জন্য ভাড়া দেন। আজ একটি ঘরে আগুনের সূত্রপাত হলে অল্পক্ষণের মধ্যে অন্যঘরগুলোতে ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তিনি বলেন, ততক্ষণে ১৮টি ঘর পুড়ে গেছে। চেষ্টা করে বাকি ৬টি ঘর রক্ষা করা গেছে।
পোশাক শ্রমিক নার্গিস আক্তার জানান, বিকালে প্রায় সবাই কর্মস্থলে ছিলেন। এ সময় বাড়ির উত্তর পাশে একটি কক্ষে প্রথমে আগুন লাগে। কোনো কিছু বুঝে উঠার আগেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন পাশের অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের মানুষজন আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসে খবর দেয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরমধ্যে ১৮ টি ঘর পুড়ে গেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শ্রীপুর মডেল থানার ওসি আকবর আলী খান জানান পোশাক শ্রমিকদের বসবাসের ১৮ টি ঘর পুড়েছে আগুনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।