জানাজার নামাজে গিয়ে চুরি হওয়া ধর্মমন্ত্রীর আইফোন এক মাস পর উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনি বলেন, ‘জানাজার নামাজে আমার লোকজন কোনো না কোনোভাবে ছেলেটির ছবি তুলে ফেলে। এই ছবি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিলে তারা ফোনটি চট্টগ্রাম থেকে উদ্ধার করে। ছেলেটির বাড়ি ময়মনসিংহ বলে জানতে পেরেছি।’ গত বুধবার রাত সাড়ে ১২ টার দিকে ফোনটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিতে পারেনি।
তিনি বলেন, ‘যে সংস্থাটি মোবাইল ফোন উদ্ধার করেছে তারা এখনো আমাকে কিছু জানাননি। এ ছাড়া মন্ত্রী মহোদয়ও কিছু জানাননি।’ ফোনটি উদ্ধার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনটি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সেদিনই ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন।