রাজধানীতে চলন্ত বাসের মধ্যে আসিফ (২৫) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্বজন ও পুলিশ। আজ শুক্রবার (৩১ মে) সকাল ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আসিফের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা। স্ত্রীকে নিয়ে ঢাকার সাভার বাইপাইলে থাকতেন তিনি। সেখানেই ফলের ব্যবসা ছিল তাঁর।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা মামা শ্বশুর সিরাজুল ইসলাম জানান, গত রোববারে আসিফ ঢাকা থেকে সাতক্ষীরা গিয়েছিল সেখানকার আম কিনতে। সেখানে গিয়ে আম কিনে ট্রাকে করে ঢাকায় পাঠিয়ে দেন। গতরাত ১১দিকে সাতক্ষীরা থেকে মাস্টার পরিবহন নামে একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন আসিফ। পথে বাসের মধ্যে তার কর্মীরা তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। বাসটি যাত্রাবাড়ী এলাকায় আসলে তখন তাকে বাস থেকে নামিয়ে ধোলাইপাড় মর্ডান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে স্বজনদের খবর দেওয়া হয়। পরবর্তীতে স্বজনরা সেখানে গিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বাস কর্মীদের সঙ্গে কথা বলে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে, বাসের ভিতর তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে থাকতে পারেন। তবে তার সাথে মোবাইল এবং মানিব্যাগ অক্ষত রয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান আসিফ নামে যুবকের মরদেহটি মর্গে রাখা হয়েছে। তিনি অজ্ঞানপার্টি খপ্পরে পড়েছিলেন এমনটি সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।