ইউপি চেয়ারম্যান কারাগারে, এলাকায় মিষ্টি বিতরণ

উজিরপুরের সাতলা এলাকায় চাঁদার দাবিতে মৎস্য ঘেরে তান্তব চালিয়ে কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার মামলায় সাতলা ইউপি চেয়ারম্যান মো: শাহিন হাওলাদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একই মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে চেয়ারম্যানের চাচাতো ভাই ইলিয়াস হাওলাদারকেও। বৃহস্পতিবার (৩০ মে) বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (উজিরপুর) আমলী আদালতের বিচারক মাহফুজুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মজিবুর রহমান। 

জানা গেছে, উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামের ইদ্রিস হাওলাদারের মাছের ঘেরে চাঁদা দাবীতে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারের ভাই ইলিয়াস হাওলাদার ও আসাদ হাওলাদার হামলা চালায়। ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে মামলার আসামী আসাদ হাওলাদারকে আদালত কারাগারে প্রেরণ করেন। পরে জামিনে বের হয়ে আসাদ হাওলাদার তার বাহিনী নিয়ে গত ১৬ মার্চ দিবাগত রাতে ইদ্রিস হাওলাদারের মৎস্য ঘেরে তাণ্ডব চালিয়ে মালামাল লুটপাট ও কোটি টাকার ক্ষতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুই জন আটক হয়। এ ঘটনায় ইদ্রিস হাওলাদার বাদী হয়ে শাহিন হাওলাদার তার ভাই আসাদ হাওলাদার ও ইলিয়াস হাওলাদারকে আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। 

ওই মামলায়  সাতলা ইউপি চেয়ারম্যান মো: শাহিন হাওলাদার উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেন ৩০ মে বৃহস্পতিবার আদালতে অত্মসমর্পণ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। তাকে জেল হাজতে প্রেরণ করার খবরে ইউপি চেয়ারম্যান শাহিনের নানা ধরনের নির্যাতনের শিকার মানুষেরা সাতলায় মিষ্টি বিতরণ করেছেন।