নিজের পায়ুপথে লুকিয়ে ১ কেজি স্বর্ণ পাচারের সময় এক বিমানসেবিকাকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। ওই বিমানসেবিকা কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ প্রতিদিন।
প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কাট থেকে কেরলে সোনা পাচার হওয়ার খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই গত ২৮ মে আটক করা হয় সুরভি খাতুন নামে এক বিমানসেবিকাকে। তাঁকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজেই পায়ুপথে লুকিয়ে রাখা সোনার বার করে দেন সুরভি।
পরিমাপ করে দেখ যায় ওই বিমানসেবিকার পায়ুপথে লুকনো ছিল ৯৬০ গ্রাম সোনা। কেরলের কান্নুরে ওই সোনা পাচারের চেষ্টা করছিলেন সুরভি। আপাতত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। কীভাবে সোনা নিয়ে তিনি বিমানে উঠলেন, কোথায় সোনা পাচারের চেষ্টা করছিলেন-সমস্ত তথ্য জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর, পায়ুদ্বারে সোনা লুকিয়ে পাচার করছেন উড়ান কর্মী-এমন ঘটনা দেশে প্রথমবার ঘটল। তবে তদন্তে জানা গিয়েছে, আগেও একাধিকবার সোনা পাচারের চেষ্টা করেছেন সুরভি। মূলত কেরলেই সোনা পাচার করতেন তিনি। পাচারকারী চক্রের খোঁজ পেতেও তদন্ত চলছে।