দেশে ফিরেই যৌন কেলেঙ্কারির দায়ে গ্রেপ্তার প্রজ্জ্বল রেভান্না

দেশে ফিরেই গ্রেপ্তার হলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিত্র জনতা দলের (সেকুলার) বহিষ্কৃত নেতা ও লোকসভার বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্না। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। গত কয়েক বছর ধরে তিনি বিভিন্ন নারীর সঙ্গে যৌন সম্পর্কের প্রায় তিন হাজার ভিডিও তৈরি করেছেন– এমন একটি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পরে সেই অভিযোগ মাথায় নিয়ে জার্মানি গিয়েছিলেন তিনি। 

শুক্রবার (৩১ মে) সেখান থেকে ভারতে ফিরেই কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন তিনি। অন্তত তিনটি যৌন কেলেঙ্কারির মামলায় প্রজ্জ্বল গ্রেফতারি এড়িয়ে ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অন্তত ২ হাজার ৯০০টি যৌন কেলেঙ্কারির ভিডিও, ছবি ছড়িয়ে পড়েছিল। ভারতে লোকসভা ভোটের মধ্যে সেই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। এর মধ্যেই গত ২৭ এপ্রিল বিদেশে চলে গিয়েছিলেন প্রজ্জ্বল। ৩৫ দিন পর দেশে ফিরতেই তাকে গ্রেফতার করেছে কর্ণাটকের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)।

যৌন নিপীড়ন ও সেক্স টেপ মামলায় গ্রেপ্তার করা হলো তাকে। এসআইটি প্রজ্জ্বল রেভান্নাকে তাদের হেফাজতে নিয়েছে। সেখানে তাকে ভাইরাল ভিডিও সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তার ডাক্তারি পরীক্ষাও করা হবে। শুক্রবার (৩১ মে) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল কর্ণাটক রাজ্যের হাসান লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। এবারও তিনি এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।