শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করল এনবিআর

ঢাকা কর অঞ্চল-২০ এর শনিবারের (১ জুন) লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (৩১ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল শনিবার ঢাকা কর অঞ্চল-২০ এর গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ এর বিভিন্ন পদে নিয়োগে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুক্রবার (৩১ মে) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুনেম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামীকাল শনিবার ঢাকার কর অঞ্চল-২০ এর একটি নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনাক্রমে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ এ নিয়োগের জন্য এই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর মধ্যে কম্পিউটার অপারেটর পদে ১টি, প্রধান সহকারী ১৭টি, উচ্চমান সহকারী পদে ২০টি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২০টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২১টি এবং অফিস সহায়ক পদে ২৩টি শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে।