'রিয়ালের ডিএনএ জিততে থাকা'

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আগামীকাল রবিবার ওয়েম্বলিতে মুখোমুখি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। রিয়াল এর আগে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে ১৪টি। তবে ২০২২ সালে রিয়ালে যোগ দেওয়া ডিফেন্ডার আন্তনিও রুডিগারের রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি।

তার সামনে সুযোগ আগামীকাল রিয়ালের হয়ে এই ট্রফি জেতার। ফাইনালের আগে রুডিগার বললেন, রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার স্বপ্ন দেখতেন তিনি। ‘রিয়াল মাদ্রিদের হয়ে ফাইনাল খেলছি, এই মুহূর্তটারই স্বপ্ন দেখতাম আমি। রিয়াল অনেকবারই চ্যাম্পিয়নস লিগ জিতেছে। কিন্তু এরপরও ব্যাপারটা বিশেষ কিছু। এখানে এটা আমার প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, সময়টা বেশ উপভোগ করছি।’

ডর্টমুন্ডের বিপক্ষে ফাইনালের আগে রিয়ালের ভেতরের পরিবেশ কেমন, সেটা জানাতে গিয়ে রুডিগার যোগ করেন, ‘সবাই ধীরস্থির এবং ফাইনাল নিয়ে মনোযোগী। এখন অতি উত্তেজনায় ভোগার সময় নয়। এখানে যারা আছে, তারা আগে থেকেই জানে এ ধরনের ম্যাচের আগে কেমন থাকতে হয়।’

রিয়ালের সাফল্যের ক্ষেত্রে ভাগ্যের ছোঁয়াও আছে কি না, এমন প্রশ্নের উত্তরে রুডিগার বলেন, ‘না, না...। কেউ যদি ১৪ বার চ্যাম্পিয়ন হয়, তখন আপনি ভাগ্যের কথা বলতে পারেন না। রাস্তাঘাটে মানুষের মুখে এখন একটাই কথা, ১৫তম ট্রফিটা হয়ে যাক। এটাই রিয়ালের ডিএনএ। জেতা, জিততে থাকা।'

রুডিগার এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ২০২০-২১ মৌসুমে। ফাইনাল খেলা নিয়ে তার মনে কোন ভয় কাজ করছে না বলেও জানান জার্মান এই ডিফেন্ডার। ‘ফাইনাল নিয়ে ভয়? ভয় তো শুধু স্রষ্টার জন্য। দিন শেষে আমরা সবাই মানুষ, আর একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে ভয় পাওয়ার কিছু নেই। আমি একজন মুসলিম। প্রবল বিশ্বাসী মানুষ। ভয় করি শুধু স্রষ্টাকে, যিনি সবকিছুই সৃষ্টি করেছেন।’