ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধ থামবে না বলে জানিয়েছে তেল আবিব। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার (৩১ মে) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে। তা না হলে গাজায় অভিযান থামবে না। কোনো চুক্তিও হবে না। জিম্মিদের ফেরত দিলেই গাজা ইস্যুতে শান্তিচুক্তির বিষয়টি ইসরায়েল বিবেচনা করবে।
আগের দিন ‘গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় অংশ নিতে রাজি নয়’ উল্লেখ করে একটি বিবৃতি দেয় হামাস। তাতে বলা হয়, ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ করে তাহলে জিম্মিদের ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তিচুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তারা।
এদিন হামাসের এই বিবৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেন আইডিএফের ওই কর্মকর্তা। তিনি জানান, গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না। লড়াইও থামবে না। যে কোনো যুদ্ধবিরতি কেবল চুক্তির কাঠামোর মধ্যেই উত্থাপিত হবে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে গাজার দক্ষিণের শহর রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি শহরটিতে অবস্থান করছে। গাজার বিভিন্ন এলাকায় গত ৮ মাস ধরে ইসরায়েলের অভিযানের ভয়াবহতা থেকে বাঁচতে রাফায় আশ্রয় নেয় এই ফিলিস্তিনিরা।
এর মধ্যেই রাফায় ইসরায়েলি বাহিনীর বোমায় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের সবাই বেসামরিক নাগরিক। এ ঘটনার পর থেকে বিশ্বজুড়ে যখন ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা চলছে, তখনই গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল হামাস-ইসরায়েল।