প্রিন্টিং কারখানায় কাগজের বান্ডেলের নিচে চাপা পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি প্রিন্টিং কারখানায় কাগজের বান্ডেল শরীরের উপর পড়ে তুষার গায়েন (১৭) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রিন্টিং প্রেস কারখানার মালিক মো. সম্রাট সরকার জানান, ফকিরাপুল ১ নম্বর গলিতে সেবা প্রিন্টিং প্রেস নামে একটি কারখানা তার। সেখানেই কাজ করতো তুষার। আজ কারখানা বন্ধ থাকায় কারখানার ভেতরে ঘুমিয়েছিল তুষার। বিকালে তুষারকে ডাকতে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখা যায়, কাগজের বান্ডেলের নিচে চাপা পড়ে আছে তুষার। তখন তারা থানায় খবর দেন।

মৃত তুষার গায়েনের খালাতো ভাই মো. রাসেল মিয়া জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। বাবার নাম ইসলাম গায়েন। বর্তমানে ফকিরাপুলের ওই কারখনায় কাজ করতো এবং সেখানেই থাকতো তুষার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ফকিরাপুল থেকে ওই কর্মচারীকে অচেতন অবস্থায়  হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশ জানানো হয়েছে।