পেশোয়ার

পুলিশ সদস্যদের টিকটক ভিডিও বানাতে মানা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে পুলিশ সদস্যদের টিকটক ভিডিও তৈরি ও আপলোড করায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিনিয়র পুলিশ সুপার (অপারেশনস) কাশিফ জুলফিকার এ নির্দেশনা জারি করেন বলে জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার জারি করা ওই নির্দেশনায় বলা হয়েছে, কোনো পুলিশ কর্মী গ্রেপ্তারের সঙ্গে যুক্ত থাকলেও এ সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না। টিকটক ভিডিও পুলিশ কর্মীদের কর্মদক্ষতা প্রভাবিত করছে। এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

সূত্র জানিয়েছে, পুলিশের টিকটক ভিডিও নিয়ে বিরোধী দল ও ট্রেজারি বেঞ্চের সদস্যদের সমালোচনার জেরেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে খাইবার পাখতুনখোয়া বা অন্যান্য প্রদেশে পুলিশ সদস্যদের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা নতুন নয়।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে খাইবার পাখতুনখোয়ার পুলিশ সদস্যদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল যাতে তারা সতর্ক থাকে এবং কোনো দুর্ঘটনার ক্ষেত্রে কার্যকর প্রতিক্রিয়া জানায়। সম্প্রতি প্রাদেশিক পুলিশ কর্মীরা অপ্রতুল সুযোগ-সুবিধাসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছিলেন।