ইউজিসিকে বেরোবির বৃদ্ধাঙ্গুলি!

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা লঙ্ঘন করে গোপনীয়তার মাধ্যমে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার লক্ষ্যে বাছাই বোর্ডের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অতিরিক্ত রেজিস্ট্রার (চতুর্থ গ্রেড) ও সমপর্যায়ের পদে পদোন্নতি দিতে এ বাছাই বোর্ডের আয়োজন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।

বিষয়টি ইউজিসির নজরে এলে গত বৃহস্পতিবার বোর্ড বন্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষকে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মোহাম্মদ গোলাম দস্তগীর স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়। তবে ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল বেলা ৩টায় ওই বাছাই বোর্ড অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এর আগেও কয়েকবার বাছাই বোর্ডের আয়োজন করে বিশ্ববিদ্যালয়। তবে ইউজিসির নিষেধাজ্ঞায় তা সফল হয়নি। এবার কঠোর গোপনীয়তা রক্ষা করে প্রার্থীদের মোবাইলে ফোন করে বোর্ডে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠি না পাঠিয়ে ফোন করে ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন পদোন্নতি আগ্রহী প্রার্থীরাই।

কর্মকর্তারা জানান, শিক্ষকের স্ত্রী, জুনিয়র এক কর্মকর্তাসহ উপাচার্যের কয়েকজন ঘনিষ্ঠ কর্মকর্তাকে চতুর্থ গ্রেডে প্রমোশন দিতেই মূলত এ আয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এরকম অন্যায়ভাবে আপগ্রেডেশন দেওয়া হলে অনেক সিনিয়র কর্মকর্তা বঞ্চিত হবেন এবং তারা চাকরির সিনিয়রিটি হারাবেন।

ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারবার এভাবে বাছাই বোর্ড আয়োজনের বিষয়ে উপাচার্য প্রফেসর হাসিবুর রশীদের সঙ্গে যোগাযোগ করতে গেলে বোর্ডে থাকার জন্য তিনি কথা বলতে পারবেন না বলে জানান তার পিএ খায়রুল ইসলাম। তিনি জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

এ বিষয়ে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় নীতিমালায় অতিরিক্ত রেজিস্ট্রার, পরিচালক পদে পদোন্নতির মাধ্যমে নেওয়ার উল্লেখ আছে এবং এর আগেও বিশ্ববিদ্যালয়ে চারজনকে অতিরিক্ত রেজিস্ট্রার পদমর্যাদা দেওয়া হয়। তাহলে এখন কেন হবে না? যা হচ্ছে সবই আমাদের বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী হচ্ছে।

ইউজিসিরি সচিব ড. ফেরদৌস জামান দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছি। আমরা তো পুলিশ না যে এখান থেকে কিছু করতে পারব। তারা যদি এখন করে তাহলে পরবর্তী পদক্ষেপ যা নিয়ম অনুযায়ী সেটা আমরা নেব।