ত্রাণ প্রতিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদে নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন করায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহম্মদ শাহজালালের সই করা এক চিঠিতে তাকে আগামীকাল ২ জুন ব্যক্তিগতভাবে ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

চিঠিতে বলা হয়, ‘আপনি ৩১ মে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া ঘাটে এবং চালতাবুনিয়া ইউনিয়নের চালতাবুনিয়া বাজারে ত্রাণ বিতরণকালে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠেয় রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মু. সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী বেগম ফেরদৌসী পারভীনের পক্ষে প্রকাশ্যে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ২২ অনুসারে একজন সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আপনার উল্লিখিত প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ আচরণবিধি লঙ্ঘন।