বাফুফেকে বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের আল্টিমেটাম

বাংলাদেশ নারী ফুটবল জাগরণের অন্যতম নায়ক কৃষ্ণারানী সরকারকে ফেসবুকে হতাশা প্রকাশের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়ার কথা বলেছেন মহিলা ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ। শুক্রবার বাংলাদেশ ও চীনা তাইপের ম্যাচ চলাকালীন এই বক্তব্য দেন নিজের মর্জি মতো নারী ফুটবল পরিচালনা করা এই আলোচিত সংগঠক।

একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে প্রায় দুই বছর ধরে সঠিকভাবে চিকিৎসা না করিয়ে উল্টো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বাফুফের সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি ফুটবলপ্রেমীরা। সাম্প্রতিক সময়ে গ্যালারিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সমর্থক গোষ্ঠী হিসেবে ব্যপক প্রসংশা পাওয়া বাংলাদেশি ফুটবল আল্ট্রাস এর সিদ্ধান্তের প্রতিক্রিয়ার পাল্টা আল্টিমেটাম দিয়েছে বাফুফেকে।

নিজেদের ফেসবুক পেইজে সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি লিখেছেন, কৃষ্ণাক্র শোকজ করা হলে বাফুফের বিরুদ্ধে পদক্ষেপ নিবে আল্ট্রাস। তিনি লিখেছেন, "একদিকে বাফুফে তাকে (কৃষ্ণাকে) শোকজ করবে, আরেকদিকে আল্ট্রাস বাফুফে'কে শোকজ করবে। প্লেয়ারদের সাথে অমানবিক আচরণ করে পার পেয়ে যাবেন ভাবলে সেটা আপনাদের ভুল ধারণা খেলতে চাইলে খেলব আমরা খেলব।" তিনি আরো যোগ করেন,  "নিজের চেয়ার/গদির প্রতি ভালোবাসা থাকলে তাকে শোকজ করার আগে ইমিডিয়েটলি চিকিৎসার ব্যবস্থা করেন। অন্যথায় প্রতি ম্যাচে ফিফাকে জরিমানা গুনতে গুনতে কাহিল হয়ে যাবেন আপনারা। এখন সিদ্ধান্ত আপনাদের আমাদের খেপিয়ে দিয়ে ফিফাকে জরিমানা দিবেন, নাকি চিকিৎসার ব্যবস্থা করবেন।"

এই আল্টিমেটামের আগে শুক্রবার কিংস এরেনায় আল্ট্রাসদের জন্য স্ট্যান্ডে একটা প্ল্যাকার্ড ঝুলায় ক্রমেই বড় হতে থাকা ফ্যানবেইজটি। যেখানে তারা লিখেছে, 

"করছে যারা দুর্নীতি, লোক দেখানো নির্বাচন।

সোনার বাংলার ফুটবলে তাদেরই আজ আস্ফালন।

হয় যদি হোক চোট আঘাত, যায় যদি কৃষ্ণা ভেসে...

আরও কত কুড়ি অকালে ঝরবে, বাফুফের মিথ্যা আশ্বাসে।" 

উল্লেখ্য সংগঠনটি সাম্প্রতিক সময়ে অভিনব কায়দায় গ্যালারিতে উপস্থিত হয়ে বাংলাদেশ যে কোন পর্যায়ের জাতীয় দলগুলো অকূণ্ঠ সমর্থন দিয়ে আলোচনায় চলে এসেছে।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচে তারা কিছু ফ্লেয়ারের মতো কিছু  দ্রব্য নিয়ে গ্যালারিতে উপস্থিত হয়েছিল। যার ফলে বাফুফেকে গুণতে হয়েছিল প্রায় ৪০ লাখ টাকা জরিমানা। পরবর্তীতে এসব দ্রব্য না নিয়ে গ্যালারিতে প্রবেশের প্রতিশ্রুতি দেন সমর্থকরা। কৃষ্ণাকে নিয়ে বাফুফের অবস্থান না পাল্টালে ফের তারা আগের রূপে ফিরে যাওয়ার হুমকি দিয়েছেন। এখন দেখার, বাফুফে কৃষ্ণা ইস্যুতে কি ব্যবস্থা নেয়।