বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু

আজ শনিবার (১ জুন) থেকে বেনাপোল বন্দর থেকে মোংলা বন্দর পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচল চালু হয়েছে। সকাল ১০টায় ৫০০ যাত্রী নিয়ে বেনাপোল থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে যায় কমিউটার ট্রেনটি। এটি খুলনা ফুলতলা হয়ে মোংলায় যাবে বলে জানিয়েছেন বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান।

বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেন মোংলায় পৌঁছাবে  দুপুর ১২টা ৫০ মিনিটে। এরপর মোংলা থেকে ট্রেনটি দুপুর ১টায় ছেড়ে বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এই রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে। এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার।

বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রা বিরতির পর মোংলায় যাবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, বেনাপোল -মোংলা রুটের জন্য এখনও জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে আপাতত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এই রুটে ট্রেন চলাচলের কোনো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না।

এর আগে গত ১ নভেম্বর খুলনা টু মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে।