দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢাকাসহ দেশের সাতটি বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এটি আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে।
আজ শনিবার (১ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বৃস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে।
সাধারণত মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। কারণ এই বায়ুর সাথে থাকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং এই জলীয় বাষ্প বাংলাদেশ অঞ্চলে প্রবেশ করলেই আকাশে প্রচুর মেঘ জমে এবং তা থেকে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে।
বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এ ছাড়া তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ২৬ মিলিমিটার।