পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (৩১ মে) উপজেলার গোবিন্দুপর গ্রামে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ২১ মে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয় মোস্তফা আরিফ রেজা মন্নু। 

নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন গ্রামে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার রাতে উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থকরা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শফিকুল ইসলাম চৌধুরী বলেন, গত রাতে গোবিন্দপুর গ্রামে একটি ঘটনা ঘটেছিল। আমরা শোনার সাথে সাথেই সেখানে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।