ভোট দিলেন মিঠুন, সমর্থকের স্লোগান ‘চোর এসেছে’

ওপার বাংলায় সপ্তম দফা লোকসভা নির্বাচনে ভোট দিতে সকাল সকাল ভোটের লাইনে দাঁড়ান ‘মহাগুরু’। সকাল সাতটায় বেলগাছিয়ার ২২ নম্বর ওয়ার্ডে পৌঁছে যান তিনি। ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দেন মিঠুন চক্রবর্তী। তবে নির্বাচন নিয়ে কোনও কথা বলেননি।

এসময় সংবাদমাধ্যম তার বক্তব্য জানতে চাইলে সাফ জানান, দল ৩০ জুন পর্যন্ত যা দায়িত্ব দিয়েছিল তিনি তা নিখুঁতভাবে পালন করেছেন। এবার তিনি আগের মতো ছবিতে কাজ করবেন। যোগ করেন, তাকে তো পেট চালাতে হবে।

এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি একজন বিজেপি ক্যাডার। আমি আমার দায়িত্ব পালন করলাম। তবে কাল থেকে আমি সিনেমা নিয়েই কথা বলব কারণ আমার একটা পরিবার আছে। তাদের দায়িত্ব পালন করতে হবে আমাকে।’

ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মিঠুনের গাড়ি ঘিরে শাসকদলের সমর্থকেরা স্লোগান দেন, ‘চোর এসেছে। সব দলের থেকে খেয়েছে। এবার গেরুয়া শিবিরের পালা।’

এবার আর লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেননি নুসরাত জাহান। কিন্তু নির্দিষ্ট বুথে গিয়ে ভোট দিয়েছেন। ভোট দিতে এসেছিলেন রাজ চক্রবর্তীও। এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর নির্বাচন কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বুথে প্রার্থী পৌঁছে যান। সঙ্গে দলীয় সমর্থকেরা।