লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব কাল, নিয়ম ভেঙে বসেছে দোকানপাট

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল রবিবার শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান। এ উপলক্ষ্যে সোনারগাঁয়ের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে পূজা অর্চনা, প্রভাত কীর্তন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, বাল্য ভোগ, রাজভোগ ও প্রসাদ বিতরণ করা হবে। 

হিন্দু সম্প্রদায়ের এ মহাপুরুষ ১৭৩০ খিস্ট্রাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসত মহাকুমার অন্তর্গত চুরাশিচাকলা গ্রামে ধর্মীয় সাধক রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। 

রাম নারায়ণের চতুর্থ পুত্র শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাল্যকাল থেকেই পুথিগত বিদ্যার প্রতি আগ্রহী ছিলেন না। আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য ১০ বছর বয়সে লোকনাথের পিতা সর্বশাস্ত্র পারদর্শী সন্ন্যাসী ভগবান গাঙ্গুলীর হাতে তুলে দেন তাকে। পরবর্তীতে তিনি জ্ঞান সাধনা ও সিদ্ধিলাভের জন্য হিমালয়ের দুর্গম পর্বতমালা, কাশীধাম ও চন্দ্রনাথ পাহাড়ে দীর্ঘ সময় ধ্যানে মগ্ন ছিলেন। শ্রী লোকনাথ স্থানীয় ডেঙ্গু কর্মকারের অনুরোধে বারদী এলাকায় আসেন এবং বারদীর বিখ্যাত নাগ পরিবার সাধনার জন্য তাকে এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করে দেন। 

শ্রী লোকনাথ ব্রহ্মচারী মৃত্যুর আগ পর্যন্ত বারদী আশ্রমেই অবস্থান করেন। তিনি বাংলা ১২৯৭ সালের ১৯ জৈষ্ঠ  ১৬০ বছর বয়সে মারা যান। লোকনাথ ব্রহ্মচারীর তিরোধানের পর থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকজন ব্যাপক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতি বছর তিরোধান পালন করে আসছে।

লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির সদস্য সচিব সাংবাদিক শ্রী শংকর কুমার দে জানান, ১৩৪তম তিরোধান উদযাপন উপলক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা লোকনাথ ভক্তদের জন্য আশ্রমের ভেতরে অবস্থিত কয়েকটি তীর্থ নিবাসে নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ র‌্যাব,পুলিশের টহল বৃদ্ধি, দেশ বিদেশ হতে আগত ভক্তদের নিরাপত্তা জোরদার, চুরি, ছিনতাই রোধে সিটি সিভি ব্যবস্থা, মেডিকেল টিম, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মেলায় কোনো প্রকার দোকান পাট থেকে টাকা উত্তোলন বন্ধ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশী ব্যবস্থা, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যানজট নিরসনে পুলিশের পাশাপাশি আশ্রম কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক কাজ করে করবেন। বৃষ্টি ও রোদ থেকে রক্ষা পেতে ভক্তদের জন্য মন্দিরের বাইরের খোলা মাঠে সামিয়ানা টাঙানো হয়েছে। 

এ দিকে গত মঙ্গলবার আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসবে অবৈধ দোকান-পাট বসতে দেওয়া হবে না।

শনিবার (১ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় ব্যবসায়ীরা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশ অমান্য করে বারদী প্লাজায় ও বিভিন্ন স্থানে অবৈধ দোকানপাট বসিয়েছে। 

এ বিষয়ে ইউএনও’র কাছে জানতে চাইলে তিনি জানান, দোকানপাটে কোনো অনুমোদন দেওয়া হয়নি কেউ যদি তারপরও দোকানপাট বসিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।