এই দিনে

ইংরেজ কবি ও কথাসাহিত্যিক টমাস হার্ডি ১৮৪০ সালের ২ জুন পূর্ব ডচেস্টারশায়ারের হায়ার বকহ্যাম্পটন নামে একটি পল্লীতে জন্মগ্রহণ করেন। রোমান্টিসিজম ঘরানার এই কবি ও ঔপন্যাসিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও চার্লস ডিকেন্সের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ডিকেন্সের মতো তার লেখাও সেকালের ভিক্টোরীয় সমাজে সমালোচিত হয়েছিল। টমাস হার্ডি প্রথম দিকে নিজেকে একজন কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। পরে ঔপন্যাসিক হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তার বাবা টমাস ছিলেন একজন পাথরখোদাই শিল্পী। তার মা জেমিমা হার্ডি একজন বিদুষী নারী ছিলেন এবং হার্ডির বয়স আট বছর হওয়া পর্যন্ত তিনি তাকে বাড়িতে শিক্ষা দেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার আর্থিক সামর্থ্য না থাকায় মাত্র ষোলো বছর বয়সে তাকে পড়ালেখা ছেড়ে দিতে হয়। এরপর তিনি জেমস হিকস নামের স্থানীয় এক স্থপতির কাছে শিক্ষানবিশির কাজ শুরু করেন। ১৯৬২ সালে হার্ডি লন্ডনের কিংস কলেজে ভর্তি হন। পরে তিনি স্থপতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ১৮৭৪ সালে এমা লাভিনিয়া গিফোর্ডকে বিয়ে করেন তিনি। তার লেখালেখির শুরুটা খুব অল্প বয়সে হলেও ১৮৭০ সালের আগে তার কোনো লেখা প্রকাশিত হয়নি। ফার ফ্রম দ্য ম্যডিং ক্রাউড (১৮৭৪), দ্য মেয়র অব কাস্টারব্রিজ (১৯৮৬), জুড দ্য অবসকিউর (১৮৯৫) ও টেস অব দ্য ড’আরবারভিলস (১৮৯১) তার জনপ্রিয় উপন্যাস। টমাস হার্ডি ১৯২৮ সালের ১১ জানুয়ারি ৮৭ বছর বয়সে মারা যান। তার মৃতদেহ দাহ করা হয়। তার দেহাবশেষ ওয়েস্ট মিনস্টার অ্যাবের পোয়েটস কর্নারে রাখা হয়েছে।