বিজয়নগরে দুই চেয়ারম্যান প্রার্থীর ৪ সমর্থককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর চার সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা নির্বাচনী আচরণবিধি না মেনে পোস্টারে পলিথিনের আবরণ, প্লাস্টিক ব্যানার ব্যবহার ও দুপুর ২টার আগে মাইকিং করে।

শনিবার (১ জুন) দুপুরে উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দায়িত্ব থাকা  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এই জরিমানা প্রদান করেন।

জরিমানা দেওয়া ব্যক্তিরা হলেন - চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া) ও  চেয়ারম্যান প্রার্থী আল জাবেরের (আনারস) প্রতীকের চার সমর্থক।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬”-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে দুই প্রার্থীর সমর্থকদের ৪০ হাজার টাকা  জরিমানা করা হয়।

 এ সময় উপস্থিত প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।