চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলীর প্রচার গাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলীর প্রচারের কাজে ব্যবহৃত মাইক্রোবাসে হামলা হয়েছে। এ সময় মাইক্রোবাসের চালককে মারধরের অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিকেল ৪টায় মির্জাপুরের নির্বাচনী অস্থায়ী প্রচারণার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নাছিমা মুকাই আলীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘নাছিমা মুকাই আলীর নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময় ও বিভিন্ন স্থানে আমাদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকেও (গতকাল) আমাদের গাড়িতে হামলা চালিয়ে ড্রাইভারকে আহত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রচারকাজে ব্যবহৃত গাড়িটি আমাকে শ্রীপুর নামিয়ে গ্যাস নেওয়ার জন্য চান্দুরা পাম্পের দিকে যায়। ফেরার পথে চান্দুরা ইউনিয়নের কালিসীমা ও আলাদাউদপুরের মধ্যস্থলে রাস্তার মধ্যে কয়েকটি মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা আমার ড্রাইভার ফাহিমকে জিজ্ঞেস করেন, “হেলাল উদ্দিনকে কোথায় রেখে আসছিস?” উত্তর না দেওয়ায় তারা ড্রাইভারের ওপর অতর্কিত হামলা চালায়। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আমার ধারণা, ঘোড়া মার্কার গণজোয়ার দেখে প্রতিপক্ষ প্রার্থীর লোকজনকে আমাদের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে এ হামলার আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামী ৫ জুনের নির্বাচনে সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।’