জিএম কাদেরের বিবৃতি

মালয়েশিয়ায় বিপর্যয়ে ক্ষোভ তদন্ত দাবি

ভিসা পেয়েও ৩১ মের মধ্যে প্রায় ৩১ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। গতকাল শনিবার এক বিবৃতিতে বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি কাদের গাফিলতির কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে বিপর্যয় ঘটল, তা খুঁজে বের করতে তদন্ত দাবি করেছেন জিএম কাদের।

জিএম কাদের বলেন, গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটি ২০২২ সালে ৫ লাখ ২৪ হাজার ৯৪৬ জন কর্মী নিতে রাজি হয়। ৩১ মের মধ্যে এই কর্মী পাঠানোর কথা ছিল।

সেই অনুযায়ী ২ বছর ধরে এজেন্সির পেছনে ঘুরে ঘুরে ৬ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ করেও নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে পেরেছেন ৪ লাখ ৯৪ হাজার ১০২ জন। বাকি ৩০ হাজার ৮৪৪ জন সর্বস্ব হারিয়েও যেতে পারেননি। এর চেয়ে কষ্টদায়ক ঘটনা আর হতে পারে না।

বিবৃতিতে বিরোধী দল নেতা বলেন, কাদের গাফিলতির জন্য শ্রমবাজারে এত বড় বিপর্যয় হলো, তা বের করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে।

পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

যারা মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।